ছোটখাটো ভুল ধরে বিজেপি নাম বাদ দিতে চাইছে : তৃণমূল

ছোটখাটো ভুল ধরে বিজেপি নাম বাদ দিতে চাইছে : তৃণমূল

“ভোটারের নাম বাদ  দিয়েই বিজেপি বাংলা দখল করতে চাইছে” 
 

আজ খবর (বাংলা), [রাজনীতি],  মানিকচক,মালদা, ০৫/০২/২০২৬ : বিজেপি বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ছোটো ছোটো ভুল দেখিয়ে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে বাংলা দখল করতে চাইছে বিজেপি, অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমূল হকের সঙ্গে মালদার মানিকচক বিধানসভা এলাকায় এস.আই আর পর্বে দলের সাংগঠনিক কর্মকান্ড খতিয়ে দেখতে গিয়ে কার্যত এমনটাই অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানালেন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু।
উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত মঙ্গলবার এসআইআর পর্বে দলের সাংগঠনিক কর্মকান্ড খতিয়ে দেখতে মালদায় আসেন তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ নাদিমূল হক। তিনি মালদায় এসে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু, জেলা তৃণমূলের বি.এল.এ-২ মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যদের নিয়ে প্রথমদিন সুজাপুর বিধানসভা, দ্বিতীয় দিন মোথাবাড়ি বিধানসভার কাজকর্ম খতিয়ে দেখেন।
এরপর বৃহস্পতিবার তৃতীয় দিনে মানিকচক বিধানসভা এলাকায় যান। প্রথমেই তিনি সেখানকার দলের বি.এল.এ-২ সহ অন্যান্য নেতৃত্বদের সঙ্গে তৃণমূলের ভোট রক্ষা শিবিরে সাংগঠনিক সভা করেন। সভায় দলীয় নেতৃত্বের কাছে এসআইআর পর্বের কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন। পরে সেই সমস্ত অভিযোগ নিয়ে মানিকচকের বিডিও-র দ্বারস্থ হন।
বিডিওর কাছে এসআইআর হয়রানি বন্ধ সহ একাধিক দাবী-দাওয়া তুলে ধরেন। পরে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, “বিজেপি বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ছোটো ছোটো ভুল দেখিয়ে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে বাংলা দখল করতে চাইছে বিজেপি। যার বিরুদ্ধে তৃণমূল ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করছে। তাদের উদ্দেশ্য একটাই, একজনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেওয়া হবে না।”

Share this news article