টানা বৃষ্টিতে নাজেহাল চুঁচুড়া শহর

টানা বৃষ্টিতে নাজেহাল চুঁচুড়া শহর

আজ খবর (বাংলা) [রাজ্য], চুঁচুড়া, হুগলী, ১৭/০৮/২০২৬ : টানা বৃষ্টিতে বেহাল চুঁচুড়া-ত্রিবেণী রোড, গর্তে আটকাল অটো, নাজেহাল হুগলিবাসী

নিম্নচাপের টানা বৃষ্টিতে বিপর্যস্ত চুঁচুড়া-ত্রিবেণী রোড। বালির মোড়, চকবাজার, ত্রিবেণী, ত্রিকোণ পার্ক, ব্যান্ডেল স্টেশন রোড সহ গোটা রাস্তা জুড়েই বড় বড় গর্ত আর খানাখন্দ। রাস্তা যেন পাহাড়ি পথে পরিণত হয়েছে।
 সোমবার ব্যান্ডেল বালির মোড়ের কাছে যাত্রীবাহী অটোর চাকা হঠাৎ রাস্তার গর্তে ঢুকে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক ও যাত্রীরা। প্রতিদিন এই রুটে  অটো চলে। রাস্তার বেহাল দশায় নাজেহাল অটো চালকরা। তাঁদের অভিযোগ, অনেক সময় অটোতেই রোগী নিয়ে যেতে হয়। এই অবস্থায় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
  স্কুল-কলেজ খোলার মুখে সমস্যায় পড়েছেন চালকেরা। নিত্যযাত্রী এবং স্থানীয় ব্যবসায়ীরাও রোজ সমস্যার মুখে পড়ছেন। ছোটখাটো দুর্ঘটনা এখন নিত্য ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, আগে সরকারের ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা বানায়। দু’মাসও টেকে না। পিচ উঠে গিয়ে রাস্তা কঙ্কালসার হয়ে গিয়েছে।
 হুগলি-চুঁচুড়া পুরসভার ৩০টি ওয়ার্ডেরই বেশিরভাগ রাস্তার একই অবস্থা। পঞ্চায়েত এলাকার রাস্তার হালও তথৈবচ।সাধারণ মানুষের দাবি, নতুন সরকার দ্রুত রাস্তা সংস্কার করুক। নইলে বর্ষায় হুগলিবাসীর দুর্ভোগ আরও বাড়বে।
Share this news article