বঙ্গের আবহাওয়ায় ফের বড় পরিবর্তন। দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে।উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।অন্যদিকে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে কিছু জেলায় দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে।বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় ধস, নিচু এলাকায় জল জমা এবং নদী-নালা সংলগ্ন অঞ্চলে দুর্ভোগ বাড়তে পারে। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নীচে বা বিদ্যুতের খুঁটির কাছে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবারের পর উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে।




