মা’কে গুলি করে খুন করে নিজেও আত্মঘাতী

kulti news1

 
পারিবারিক অশান্তি চলছিল, তাই থেকেই এই পরিণতি ? উত্তর খুঁজছে পুলিশ 
 

আজ খবর (বাংলা), [রাজ্য], কুলটি, পশ্চিম বর্ধমান, ২০/০২/২০২৬ : কুলটিতে মর্মান্তিক ঘটনা, মা’কে গুলি করে খুন, পরে আত্মঘাতী ছেলে।

মা’কে গুলি করে খুন করে আত্মঘাতী হল ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আসানসোলের কুলটি এলাকায়। মৃতদের নাম রাজা মুখার্জী ও সন্ধ্যা মুখার্জী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বাড়িতে অশান্তি চলছিল। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতের বাবা দয়াময় মুখার্জী জানিয়েছেন, তার ছেলে রাজা মুখার্জী প্রথমে তার মা সন্ধ্যা মুখার্জীকে গুলি করে খুন করে এবং পরে নিজেও আত্মঘাতী হয়। ঘটনার সময় বাড়ির একটি অংশে আগুন জ্বলতেও দেখা যায়।
খবর পেয়ে কুলটি থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মৃত রাজা মুখার্জী একটি বেসরকারি কারখানায় গানম্যান হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে।
পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share this news article