আজ খবর ( বাংলা ) ইরান ২৭/০৮/২০২৬ : ইরান ও আমেরিকার মধ্যে চলমান সংঘাতের আবহে ফের কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কাতার। কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি বৃহস্পতিবার তেহরান সফর করবেন। ইরানের আধিকারিকদের সঙ্গে বৈঠকে উত্তেজনা কমানো এবং ফের আলোচনার পরিবেশ তৈরি করার বিষয়টি নিয়ে আলোচনা হবে। কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, এই সফরে আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা নিয়েও আলোচনা হবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কাতার এর আগেও গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। জুন মাসে ইরান-আমেরিকার মধ্যে একটি সমঝোতা তৈরিতেও দোহার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তবে সেই সমঝোতা জুলাইয়ে ভেঙে যায়।যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক তিক্ততা বাড়ার খবর; ওয়াশিংটন ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর কথা বলছে, আর তেহরান কড়া অবস্থানে রয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সাথে বর্তমানে কোনো সরাসরি আলোচনা চলছে বা নির্ধারিত নেই; তবে কাতারের মধ্যস্থতামূলক প্রচেষ্টা অব্যাহত।ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি সরবরাহ যেত। যুদ্ধের পর জলপথটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্যাপক চাপ তৈরি হয়েছে।

ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, প্রণালী নিয়ন্ত্রণ ও এর রাজস্ব ভাগাভাগি নিয়ে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। তবে পরবর্তীতে এক ইরানি আধিকারিক জানিয়েছেন, চূড়ান্ত চুক্তি এখনও হয়নি এবং আলোচনা চলছে।ইরানের দাবি, জুনের সমঝোতা অনুযায়ী আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের বন্দরগুলির উপর অবরোধ তুলে নেওয়া এবং অন্যান্য প্রতিশ্রুতি পূরণ করতে হবে। সেই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে না বলেও তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে হরমুজে জাহাজ চলাচল নিয়েও উদ্বেগ রয়েছে। সম্প্রতি প্রণালীতে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত কোনও বস্তু আঘাত হানায় আগুন ধরে যায়। তবে জাহাজের কোনও কর্মী হতাহত হননি বলে ব্রিটিশ সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে।প্রেক্ষাপটে দেখা যাচ্ছে,২৮ ফেব্রুয়ারি, ২০২৬ মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ৮ মার্চ তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

৮ এপ্রিল, ২০২৬ দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয় এবং এপ্রিল ২০২৬ পাকিস্তানে প্রায় পাঁচ দশকের মধ্যে প্রথমবারের মতো মার্কিন-ইরান উচ্চপর্যায়ের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। ৮ জুলাই, ২০২৬ হরমুজে ইরানের হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র আবার হামলা চালায়; এরপর থেকে কূটনৈতিক অগ্রগতি থমকে যায়। আগস্ট ২০২৬ কাতারসহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা (পাকিস্তান, ওমান) নতুন করে কূটনৈতিক গতি আনার চেষ্টা করছে।

Published on: 12.00 pm



