এক হাজারে কিছুই হয় না : বর্ধিত ভাড়া নিয়ে চরম অসন্তুষ্ট আশা শিলিগুড়ির রাজপথে

এক হাজারে কিছুই হয় না : বর্ধিত ভাড়া নিয়ে চরম অসন্তুষ্ট আশা  শিলিগুড়ির রাজপথে

রাজ্য বাজেটে হতাশ আশা কর্মীরা 

 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৬/০২/২০২৬ : রাজ্য সরকারের ঘোষিত বাজেটে আশা কর্মীদের জন্য মাত্র এক হাজার টাকা ভাতা বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামলেন আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উদ্যোগে বাঘাযতীন পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে বিপুল সংখ্যক আশা কর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকার যে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে তা বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে একেবারেই অপ্রতুল। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সীমিত পারিশ্রমিকে কাজ করেও প্রাপ্য সম্মান ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন আশা কর্মীরা। সেই ক্ষোভ থেকেই এদিনের আন্দোলন।
এদিনের মিছিল থেকে একাধিক দাবি তোলা হয়। রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা বেতন অবিলম্বে কার্যকর করতে হবে। পাশাপাশি PLI, DOT সহ বিভিন্ন খাতে বকেয়া টাকা দ্রুত মেটাতে হবে বলেও দাবি জানান আন্দোলনকারীরা। এছাড়াও ইনসেনটিভের টাকা ভাগে ভাগে না দিয়ে একসঙ্গে প্রতি মাসে দেওয়ার দাবি ওঠে।
বিক্ষোভকারীরা আরও দাবি করেন, আশা কর্মীদের জন্য বাৎসরিক ছুটির ব্যবস্থা করতে হবে এবং কাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই আন্দোলনে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পাশাপাশি পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, দার্জিলিং জেলার সদস্যরাও অংশ নেন।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সভাপতি নমিতা চক্রবর্তী রাজ্য সরকারের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, “মাত্র এক হাজার টাকা বাড়িয়ে রাজ্য সরকার আশা কর্মীদের সঙ্গে বঞ্চনা করছে। এত গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়ার পরেও আমাদের ন্যায্য অধিকার থেকে দূরে রাখা হচ্ছে। যতক্ষণ না দাবি পূরণ হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”

Share this news article