ভুল করে পিস্তল-ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি যাত্রী
ট্রেনে ব্যাগ বদল, পিস্তল-গুলি উদ্ধার শেওড়াফুলি জিআরপির
ট্রেনে ব্যাগ বদল,পিস্তল গুলি উদ্ধার করল শেওড়াফুলি জিআরপি। ট্রেনে হারিয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র ১৪ রাউন্ড কার্তুজ দুটি ম্যাগাজিন উদ্ধার করল শেওড়াফুলি জিআরপি থানা।

বুধবার শেওড়াফুলি জিআরপি থানায় একটি খবর আসে। হুগলি জেলার পোলবার বাসিন্দা কমল ঘোষ (৪৫)—যিনি প্রাক্তন সিআরপিএফ জওয়ান এবং বর্তমানে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত।বর্ধমান-হাওড়া ‘গ্যালপিং লোকাল’ ট্রেনে চন্দননগর থেকে শ্রীরামপুর যাওয়ার পথে তাঁর নীল রঙের একটি পিঠের ব্যাগ (পিট্টু ব্যাগ) হারিয়ে ফেলেন। ওই ব্যাগে ছিল:
১. একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল
২. দুটি ম্যাগাজিন
৩. ১৪ রাউন্ড তাজা গুলি (অ্যামুনেশন)
৪. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

খবর পাওয়ার সাথে সাথেই শেওড়াফুলি জিআরপি থানার একটি দল তৎপরতার সাথে বিষয়টি খতিয়ে দেখে।স্টেশনের সিসিটিভি দেখে পান্ডুয়া থানার অন্তর্গত বৈঁচী আউটপোস্টের সহায়তায় তারা তেলকোপা গ্রামে ব্যাগটির সন্ধান পায় এবং সমস্ত সামগ্রী অক্ষত অবস্থায় উদ্ধার করে।
তদন্তে জানা যায় যে, ওই একই ট্রেনে যাত্রী ছিলেন শেখ রাজু।তিনি সিঙ্গুরে জুয়েলারি দোকানে কাজ করেন। শেওড়াফুলি রেল স্টেশনে ভুলবশত ট্রেনের লাগেজ রাখার জায়গা (বাঙ্কার) থেকে ব্যাগটি নিয়ে নিয়েছিলেন; কারণ তাঁর কাছেও ঠিক একই রকম ও রঙের একটি ব্যাগ ছিল।

স্টেশনে নেমে বুঝতে পারেন ভুল করে নিজের ব্যাগটি রেখে অন্যের ব্যাগ নিয়ে নেমে পরেছেন।ব্যাগ খুলে পিস্তল আর গুলি দেখে ভয় পেয়ে যান।কিছু সময় স্টেশনে বসে থেকে আবার ট্রেন ধরে বৈঁচীতে বাড়ি ফিরে যান।

বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানান।তারপর বৈঁচী ফাঁড়িতে যোগাযোগ করেন।ইতিমধ্যে জিআরপি পৌঁছে যায় বৈঁচীতে। বৈধ নথিপত্র যথাযথভাবে যাচাই করার পর, অক্ষত সামগ্রীসহ ব্যাগটি কমল ঘোষের হাতে তুলে দেয় আজ শেওড়াফুলি জিআরপি।





