কলকাতায় বাড়ি বিক্রি ২২% বৃদ্ধি, সস্তার ফ্ল্যাট কোথায়?

কলকাতায় বাড়ি বিক্রিতে ২২% বৃদ্ধি, সস্তার ফ্ল্যাট কোথায়?
কলকাতার আবাসন বাজারে ফের আশার আলো। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে, অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে, আগের তিন মাসের তুলনায় কলকাতায় বাড়ি বিক্রি বেড়েছে ২২ শতাংশ। দেশের শীর্ষ আটটি আবাসন বাজারের মধ্যে ত্রৈমাসিক হিসাবে কলকাতাতেই বিক্রির বৃদ্ধির হার সবচেয়ে বেশি।
PropTiger-এর ‘Real Insight Residential’ রিপোর্ট অনুযায়ী, এপ্রিল-জুনে কলকাতায় মোট ৩,৫১৭টি বাড়ি বিক্রি হয়েছে। আগের ত্রৈমাসিকে বিক্রি হয়েছিল ২,৮৮৩টি। অর্থাৎ তিন মাসের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে ক্রেতাদের আগ্রহ। তবে এক বছর আগের একই সময়ের তুলনায় বিক্রি এখনও ৮.৬ শতাংশ কম।
কেন বাড়ছে কলকাতায় বাড়ি কেনার চাহিদা?
বিশেষজ্ঞদের মতে, কলকাতার আবাসন বাজারে ধীরে ধীরে ক্রেতাদের আস্থা ফিরছে। নির্বাচন-পরবর্তী সময়ে বাজারে কিছুটা গতি ফেরার পাশাপাশি, সামনে উৎসবের মরসুম থাকায় আগামী কয়েক মাসে বাড়ি কেনার চাহিদা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
শুধু বিক্রিই নয়, কলকাতায় নতুন আবাসন প্রকল্পের সংখ্যাও বেড়েছে। এপ্রিল-জুনে নতুন করে প্রায় ৩,০২০টি আবাসন ইউনিটের লঞ্চ হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭.১ শতাংশ বেশি।

joyeeta das ad 4

সস্তার ফ্ল্যাট কোথায়?
কলকাতা শহর ও সংলগ্ন এলাকায় তুলনামূলক কম বাজেটে ফ্ল্যাট খুঁজলে বারাসত, মধ্যমগ্রাম, কেষ্টপুর এবং বাগুইআটি-র মতো এলাকাগুলি ক্রেতাদের নজরে রয়েছে। এই অঞ্চলগুলিতে কলকাতার অনেক প্রিমিয়াম এলাকার তুলনায় ফ্ল্যাটের দাম তুলনামূলকভাবে কম।
বর্তমানে কলকাতায় ফ্ল্যাটের গড় দাম প্রতি বর্গফুটে প্রায় ৬ হাজার টাকা বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে প্রকল্প, লোকেশন, নির্মাণের মান এবং যোগাযোগ ব্যবস্থার উপর ভিত্তি করে দামে যথেষ্ট পার্থক্য থাকতে পারে।
দেশের অন্য শহরগুলির কী অবস্থা?
কলকাতার ২২ শতাংশ ত্রৈমাসিক বৃদ্ধির বিপরীতে দেশের বেশ কয়েকটি বড় শহরে আবাসন বিক্রি কমেছে। পুণেতে বছরে বিক্রি কমেছে ২০.৮ শতাংশ, আহমেদাবাদে ২০.২ শতাংশ এবং বেঙ্গালুরুতে ৯.২ শতাংশ। অন্যদিকে, চেন্নাইয়ে বছরে বিক্রি বেড়েছে ৩৬ শতাংশ।
তবে আবাসনের দাম বাড়তে থাকায় মধ্যবিত্ত ক্রেতাদের জন্য সাশ্রয়ী বাড়ি পাওয়া এখনও বড় চ্যালেঞ্জ। আগামী উৎসবের মরসুমে কলকাতার আবাসন বাজার এই গতি ধরে রাখতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

Share this news article